বিএমসির পর বলিউড সংগঠনের নিশানায় আদিত্য ধর: ‘ধুরন্ধর ২’ নিয়ে জটিলতা

আইন লঙ্ঘন করে শুটিং করার অভিযোগে ‘ধুরন্ধর’ পরিচালক আদিত্য ধরের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে কড়া অবস্থান নিল অল ইন্ডিয়া সিনে ওয়াকার্স অ্যাসোসিয়েশন (AICWA)। এর আগে বিএমসি ড্রোন ব্যবহার ও নিরাপত্তা বিধি ভাঙার দায়ে সংস্থাটিকে কালো তালিকাভুক্ত করেছে। এবার সংগঠনের পক্ষ থেকে সুরক্ষার প্রশ্নে পরিচালককে তীব্র ভর্ৎসনা করা হয়েছে।
AICWA-র অভিযোগ, বারবার সতর্ক করা সত্ত্বেও বহু প্রযোজনা সংস্থা কলাকুশলীদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করাচ্ছে। ফোর্ট এলাকায় শুটিংয়ের সময় অনুমতি ছাড়া ড্রোন চালানো এবং সেটে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ব্যবহারের ফলে বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল। সংগঠনের মতে, এই ধরনের অবহেলার কারণেই শুটিং সেটে প্রাণহানি বা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে।
বিএমসির শাস্তিমূলক পদক্ষেপকে পূর্ণ সমর্থন জানিয়ে সংগঠনটি স্পষ্ট করেছে যে কোনো সংস্থাই আইনের ঊর্ধ্বে নয়। রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’ মুক্তির আগেই এমন আইনি ও প্রশাসনিক জটিলতায় আদিত্য ধরের টিম বড়সড় বিপাকে পড়ল। শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বলিউড সংশ্লিষ্ট এই সংগঠনটি।