হরমুজ প্রণালী বন্ধ করল ইরান: মধ্যপ্রাচ্যে তুঙ্গে উত্তেজনা

সামরিক মহড়া ও শক্তি প্রদর্শনের লক্ষ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ইরান। মঙ্গলবার ইসলামি প্রজাতন্ত্রটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, নিরাপত্তা ও সামুদ্রিক উদ্বেগের কারণে কয়েক ঘণ্টার জন্য এই আন্তর্জাতিক জলপথ দিয়ে যান চলাচল স্থগিত থাকবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যেই তেহরান এই নজিরবিহীন পদক্ষেপ নিল, যা মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা তৈরি করেছে।
বিশ্বের ২০ শতাংশ তেল পরিবহনের এই রুটটি বন্ধের ঘোষণার পর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, শক্তিশালী সেনাবাহিনীও এমন আঘাত পেতে পারে যা সামলে ওঠা কঠিন। এদিকে বিপ্লবী গার্ড বাহিনী পারস্য উপসাগর ও ওমান উপসাগরে লাইভ ফায়ার ড্রিল শুরু করেছে। ইরানের এই পদক্ষেপকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি একটি সতর্কবার্তা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
উত্তেজনার মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আলোচনার মাধ্যমে চুক্তিতে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেছেন। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন, যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে ইরান আত্মরক্ষায় সম্পূর্ণ প্রস্তুত এবং এর প্রভাব সীমান্তের বাইরেও ছড়িয়ে পড়বে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হুমকির প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী মোতায়েন করেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।