দুই ভাই দুই শিবিরে: ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ধর্মসংকটে মর্কেল পরিবার

ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল এবং দক্ষিণ আফ্রিকার মেন্টর অ্যালবি মর্কেল—দুই ভাই এখন ২২ গজে যুযুধান দুই প্রতিপক্ষ। রবিবার সুপার এইটের মহারণে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। দুই ছেলের এমন বিপরীতমুখী অবস্থানে চরম দোটানায় পড়েছেন তাঁদের মা মারিয়ানা মর্কেল। কাকে সমর্থন করবেন, তা নিয়ে রীতিমতো ধর্মসংকটে পুরো পরিবার।
অ্যালবি মর্কেল জানান, ম্যচ নিয়ে বর্তমানে দুই ভাইয়ের মধ্যে বাক্যালাপ বন্ধ থাকলেও তাঁদের মা প্রচণ্ড উদ্বেগের মধ্যে রয়েছেন। যদিও মারিয়ানা নিজের দেশ দক্ষিণ আফ্রিকার মেন্টর হিসেবে বড় ছেলের দিকেই কিছুটা ঝুঁকে রয়েছেন বলে আভাস পাওয়া গেছে। এর ফলে ছোট ছেলে মর্নির প্রশিক্ষণাধীন ভারতীয় দলের বিপক্ষে থাকতে পারে মায়ের সমর্থন।
অন্যদিকে, প্রোটিয়া শিবিরে আইপিএল খেলার অভিজ্ঞতা বাড়তি সুবিধা দেবে বলে আশাবাদী অ্যালবি। বিপক্ষ দল সম্পর্কে তথ্য বিশ্লেষণ ও মেন্টর হিসেবে নিজের দায়িত্ব পালন করতে কঠোর পরিশ্রম করছেন তিনি। সুপার এইটের প্রবল চাপ সামলে দল জয়ী হবে বলেই বিশ্বাস বড় মর্কেলের। এখন দেখার বিষয়, দুই ভাইয়ের এই লড়াইয়ে শেষ হাসি কে হাসেন।