জাল নথি দিয়ে ভারতে বসবাস: দিনহাটায় গ্রেফতার বাংলাদেশি প্রাক্তন আনসার সদস্য

কোচবিহারের দিনহাটায় ভুয়ো পরিচয়ে দীর্ঘকাল বসবাসের অভিযোগে ওমর ফারুক ব্যাপারি নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় এক প্রবীণকে নিজের ‘বাবা’ সাজিয়ে তিনি আধার ও ভোটার কার্ডসহ একাধিক ভারতীয় নথি তৈরি করেছিলেন বলে অভিযোগ। মঙ্গলবার রাতে পুটিমারি এলাকা থেকে তাঁকে ধরা হয়।
তদন্তে জানা গেছে, ওমর বাংলাদেশে আনসার বাহিনীর সদস্য ছিলেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর অস্ত্রধারী পোশাক পরা ছবি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় পঞ্চায়েত ও জেলা প্রশাসনের কাছে অভিযোগ জমা পড়ার পর পুলিশি তদন্তে তাঁর অবৈধ অনুপ্রবেশের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
এই গ্রেফতারিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। অভিযুক্ত নিজেকে নির্দোষ ও ষড়যন্ত্রের শিকার দাবি করলেও, বিজেপি তাঁর শাসকদল ঘনিষ্ঠতার অভিযোগ তুলেছে। পুলিশ জানিয়েছে, ধৃতকে হেফাজতে নিয়ে ঘটনার নেপথ্যে থাকা প্রভাব ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।