টি-টোয়েন্টি বিশ্বকাপ: নেদারল্যান্ডসের বিরুদ্ধে টসে হেরে ব্যাটিংয়ে ভারত

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে ভারত। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ফলে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দলকে প্রথমে ব্যাট করতে হবে। জয়ের ধারা বজায় রেখে সুপার এইটের লড়াইয়ে নিজেদের অবস্থান মজবুত করাই এখন টিম ইন্ডিয়ার প্রধান লক্ষ্য।
সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া এই ম্যাচটি ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে। চলতি টুর্নামেন্টে ডাচ বাহিনী এ পর্যন্ত মাত্র একটি ম্যাচে জয় পেলেও ভারতের বিরুদ্ধে অঘটন ঘটাতে মরিয়া তারা। অন্যদিকে, ভারতীয় দল তাদের শক্তিশালী ব্যাটিং লাইন-আপ নিয়ে বড় রানের লক্ষ্যমাত্রা গড়তে প্রস্তত। আহমেদাবাদের পিচ ও আবহাওয়া ম্যাচের ফলাফলে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ক্রিকেট ভক্তরা স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং ডিডি স্পোর্টসে সরাসরি এই হাইভোল্টেজ ম্যাচটি দেখতে পাবেন। ডিজিটাল প্ল্যাটফর্মে জিও হটস্টার অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমেও সরাসরি সম্প্রচার উপভোগ করা যাচ্ছে। টুর্নামেন্টের পরবর্তী ধাপের সমীকরণ নির্ধারণে এই ম্যাচের ফলাফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দুই দলের লড়াইকে কেন্দ্র করে আহমেদাবাদে এখন সাজ সাজ রব।