রাশিয়ায় আকাশছোঁয়া শশার দাম: ৩০০ রুবেল ছাড়িয়ে ‘নতুন সোনা’র তকমা

রাশিয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। বর্তমানে এক কেজি শশার দাম ৩০০ রুবেল ছাড়িয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৫০ টাকার বেশি। বাজারে এই সবজির দাম মাংসকেও ছাড়িয়ে যাওয়ায় স্থানীয়রা একে ‘নতুন সোনা’ বলে অভিহিত করছেন। অস্বাভাবিক এই দাম বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে।
অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, দীর্ঘস্থায়ী ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে সামরিক ব্যয় বৃদ্ধি এবং সরকারি ভর্তুকি হ্রাস এই পরিস্থিতির মূল কারণ। এছাড়া ভ্যাট বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থার সংকট এবং রাশিয়ার তীব্র শীতকালীন প্রতিকূল আবহাওয়ার ফলে উৎপাদন ব্যাহত হওয়ায় বাজারে এই ঘাটতি তৈরি হয়েছে। সাইবেরিয়ার কিছু অঞ্চল বাদে দেশটির অধিকাংশ স্থানেই পরিস্থিতি উদ্বেগজনক।
মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পুতিন সরকারের ব্যর্থতার সমালোচনা করছে বিরোধী দলগুলো। সংকট মোকাবিলায় কিছু সংবাদমাধ্যম নাগরিকদের বিনামূল্যে বীজ বিতরণ করছে যাতে তারা বাড়িতেই সবজি চাষ করতে পারেন। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়া এই অগ্নিমূল্য পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা নিয়ে জনমনে সংশয় বাড়ছে।