নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননার অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘনের গুরুতর অভিযোগ তুলেছেন। নিজের এক্স হ্যান্ডেলে মাইক্রো অবজারভারদের হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে তিনি দাবি করেন, সরকারি স্বচ্ছ প্রক্রিয়া এড়িয়ে ব্যক্তিগত বার্তার মাধ্যমে স্পর্শকাতর নির্দেশ দেওয়া হচ্ছে। এতে নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
অভিষেকের অভিযোগ, বিশেষ রোল অবজারভার সি মুরুগন হোয়াটসঅ্যাপের মাধ্যমে জন্ম শংসাপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে সরাসরি হস্তক্ষেপ করছেন। নির্দিষ্ট সম্প্রদায়ের ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এমন অসাংবিধানিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন। এমনকি রোল অবজারভারদের লগইন আইডি ভিন্ন স্থান থেকে ব্যবহার করে তথ্য জালিয়াতির আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।
কমিশন জনআস্থার পরিবর্তে রাজনৈতিক প্রভাবে কাজ করছে বলে তোপ দেগেছেন অভিষেক। দিল্লির নির্দেশে কাজ করা আধিকারিকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, বিষয়টি দ্রুত সর্বোচ্চ আদালতের নজরে আনা হবে। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে এই আইনি লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তৃণমূলের এই শীর্ষ নেতা।