এআই দুনিয়ায় ভারতের চমক: চ্যাটজিপিটি ও জেমিনিকে টেক্কা দিচ্ছে বেঙ্গালুরুর ‘সর্বম এআই’

কৃত্রিম বুদ্ধিমত্তার বিশ্বে ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে বেঙ্গালুরুভিত্তিক স্টার্টআপ ‘সর্বম এআই’। সংস্থার সহ-প্রতিষ্ঠাতা প্রত্যুষ কুমার জানিয়েছেন, তাদের নতুন ভিশন-ল্যাঙ্গুয়েজ মডেলটি ইংরেজি ও ভারতীয় ভাষায় ডিজিটাইজেশন এবং ডকুমেন্ট প্রসেসিংয়ে চ্যাটজিপিটি ও গুগল জেমিনির মতো আন্তর্জাতিক মডেলগুলোকে কড়া চ্যালেঞ্জ জানাচ্ছে। নির্ভুলতার নিরিখে এটি জেমিনি ৩ প্রো-কেও ছাড়িয়ে গিয়েছে।
সর্বম এআই-এর এই মডেলটি ছবির ক্যাপশন লেখা, তথ্য শনাক্তকরণ এবং জটিল চার্ট বিশ্লেষণে সক্ষম। ওমনিডকবেঞ্চ পরীক্ষায় এটি ৯৩.২৮ শতাংশ স্কোর করেছে, যা জটিল ফর্মুলা ও লেআউট বোঝার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। বিশেষ বিষয় হলো, এতে ২২টি ভারতীয় ভাষার সাপোর্ট রয়েছে, যা দেশীয় প্রেক্ষাপটে একে অনন্য করে তুলেছে।
প্রযুক্তিটিকে আরও উন্নত করতে সংস্থাটি ‘বুলবুল ভি৩’ নামে একটি টেক্সট-টু-স্পিচ মডেল তৈরি করেছে। বর্তমানে ১১টি ভাষায় ৩৫ ধরনের স্বাভাবিক কণ্ঠস্বর পাওয়া গেলেও দ্রুত তা ২২টি ভাষায় সম্প্রসারণ করা হবে। উচ্চ গুণমান এবং কম ত্রুটির কারণে এই দেশীয় প্রযুক্তি বিশ্বজুড়ে ‘মেক ইন ইন্ডিয়া’ ভাবনাকে আরও শক্তিশালী করছে।