বিশ্বজুড়ে ইউটিউব পরিষেবা ব্যাহত: দুর্ভোগে লক্ষ লক্ষ ব্যবহারকারী

বুধবার সকালে বিশ্বজুড়ে হঠাৎই অচল হয়ে পড়ে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। ভিডিও চালানোর সময় স্ক্রিনে ‘Something Went Wrong’ বার্তা ভেসে ওঠায় বিপাকে পড়েন লক্ষ লক্ষ গ্রাহক। প্রাথমিক তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে প্রায় ২ লক্ষ ৮০ হাজার ব্যবহারকারী এই সমস্যার সম্মুখীন হয়েছেন। মোবাইল অ্যাপের পাশাপাশি ইউটিউব ওয়েবসাইট এবং ইউটিউব টিভিতেও যান্ত্রিক গোলযোগ দেখা দেয়।
রিপোর্ট অনুযায়ী, এদিন সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটার মধ্যে সবচেয়ে বেশি বিভ্রাট ঘটে। প্রায় ৭৪ শতাংশ ব্যবহারকারী অ্যাপে লগইন করতে ব্যর্থ হন এবং ১৬ শতাংশ গ্রাহক ভিডিও স্ট্রিমিং সংক্রান্ত সমস্যায় পড়েন। আমেরিকা, ব্রিটেন ও ভারতের মতো দেশগুলোতে এই পরিষেবার প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেটিজেনরা এই নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন।
ইউটিউব কর্তৃপক্ষ এক বিবৃতিতে বিষয়টিকে ‘গ্লোবাল আউটেজ’ হিসেবে স্বীকার করেছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে গুগল-এর কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কে (CDN) ত্রুটির কারণে এই বিপত্তি ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে প্রতিবেদনটি লেখা পর্যন্ত অনেক জায়গাতেই ইউটিউব পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।