ভাঙড়ে রাসায়নিক ভর্তি ড্রাম বিস্ফোরণ: দগ্ধ ৪ শিশু, আশঙ্কাজনক ১

দক্ষিণ ২৪ পরগনার ভাঙরের খড়গাছি-চাঁদপুর এলাকায় পিচ রাস্তা মেরামতির কাজের সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। রাস্তার ধারে পড়ে থাকা প্রায় ২০০ লিটার ডিজেল বা রাসায়নিক ভর্তি একটি ড্রাম আচমকা ফেটে যাওয়ায় চার শিশু গুরুতর দগ্ধ হয়েছে। যন্ত্রণায় এক শিশু পাশের পুকুরে ঝাঁপ দেয়।
আহতদের মধ্যে সাদিকুল আহমেদ (৮), রায়ান মোল্লা (৯) এবং সামিউল মোল্লাকে (১০) কলকাতার এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, সাদিকুলের অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক। শিশুদের নিরাপত্তার খাতিরে বাকিদেরও বার্ন ইউনিটের আইসিইউ-তে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রতিনিধি শওকত মোল্লা এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস হাসপাতালে পৌঁছে পরিবারের সঙ্গে দেখা করেন। ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। জনবহুল এলাকায় এভাবে বিপজ্জনক রাসায়নিক ফেলে রাখায় জনমনে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে।