বিরোধীদের ‘দিশাহীন’ তকমা মেয়রের, উন্নয়নের খতিয়ান পেশ করে পাশ কলকাতার পুরবাজেট
মঙ্গলবার উত্তপ্ত বাদানুবাদ ও বিরোধী বিক্ষোভের আবহে কলকাতা পুরসভার ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। বাজেট অধিবেশনের শেষ দিনে মেয়র ফিরহাদ হাকিম শহরের সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি গত কয়েক বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। বিরোধীদের বিভিন্ন সমালোচনাকে ‘দিশাহীন’ বলে কটাক্ষ করে মেয়র দাবি করেন, গঠনমূলক পরামর্শের বদলে কেবল বিরোধিতার খাতিরেই সরব হয়েছেন কাউন্সিলররা।
উন্নয়নের খতিয়ান দিতে গিয়ে মেয়র মূলত পরিশ্রুত পানীয় জল এবং নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণে জোর দেন। তিনি ঘোষণা করেন, কলকাতা দেশের প্রথম শহর হিসেবে ১০০ শতাংশ সারফেস ওয়াটারের ওপর নির্ভরশীল হতে চলেছে। এছাড়া টালিনালা সংস্কারে ১০৯২ কোটি টাকার প্রকল্প এবং সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা না চাপিয়েই পুরসভার ২৭ শতাংশ আয়বৃদ্ধির পরিসংখ্যান পেশ করেন তিনি।
অধিবেশনে জলাশয় ভরাট রোধে কড়া পদক্ষেপ এবং এশিয়ার প্রথম ‘মডেল বস্তি’ তৈরির পরিকল্পনাও তুলে ধরা হয়। মেয়র পারিষদ দেবাশিস কুমার ও স্বপন সমাদ্দার মেয়রের সুরে সুর মিলিয়ে জল-ট্যাক্স ছাড়াই উন্নয়নের মডেল স্পষ্ট করেন। পরিশেষে, বর্তমান পুরবোর্ড সামর্থ্যের মধ্যে থেকেই কলকাতাকে আরও সুন্দর ও সমৃদ্ধ করে তোলার লক্ষ্যমাত্রা স্থির করেছে বলে জানান মেয়র ফিরহাদ হাকিম।