গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সেলিম খান, উদ্বেগে বলিউড

মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ বছর বয়সী প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খান। মঙ্গলবার সকাল ৮.৩০ মিনিটে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালের আইসিইউ-তে নিয়ে আসা হয়। বর্তমানে ডঃ জলিল পারকারের তত্ত্বাবধানে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁর চিকিৎসা করছেন। হাসপাতালের বিবৃতিতে জানানো হয়েছে, তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল থাকলেও কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এই খবর ছড়িয়ে পড়তেই সলমন খানসহ গোটা পরিবার হাসপাতালে ভিড় জমিয়েছেন। সালমা খান, হেলেন, আরবাজ ও সোহেল খানের পাশাপাশি পরিবারের নতুন প্রজন্মকেও দাদুকে দেখতে আসতে দেখা যায়। এছাড়া দীর্ঘদিনের সহকর্মী জাভেদ আখতার এবং অভিনেতা সঞ্জয় দত্ত সেলিম খানের স্বাস্থ্যের খোঁজ নিতে সন্ধ্যায় হাসপাতালে পৌঁছান।
পরিবারের পক্ষ থেকে অসুস্থতার নির্দিষ্ট কারণ এখনো গোপন রাখা হয়েছে। বুধবার প্রবীণ এই ব্যক্তিত্বের শারীরিক অবস্থা নিয়ে একটি প্রেস ব্রিফিং হওয়ার কথা রয়েছে, যা সম্পূর্ণভাবে পরিবারের সম্মতির ওপর নির্ভর করছে। আপাতত তাঁর দ্রুত আরোগ্য কামনায় উদ্বিগ্ন অনুরাগী ও বলিউড মহল।