পুলিশকে ‘গুন্ডা’ হওয়ার হুমকি দিলেন রাজু বিস্তা, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

শিলিগুড়ি মহকুমা পরিষদের ফাঁসিদেওয়া ব্লকের ঝমকলাল জোত গ্রামে জমি বিবাদকে কেন্দ্র করে এক নবজাতকের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল। মঙ্গলবার শোকসন্তপ্ত পরিবারের সাথে দেখা করতে যান দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তা। সেখান থেকেই ফাঁসিদেওয়া থানার ওসির সঙ্গে ফোনে কথা বলার সময় মেজাজ হারান তিনি।
ভাইরাল হওয়া এক ভিডিওতে সাংসদকে বলতে শোনা যায়, “আমার থেকে বড় গুন্ডা কেউ নেই।” তিনি পুলিশ আধিকারিককে ‘তৃণমূলের দালাল’ বলে কটাক্ষ করে প্রচ্ছন্ন হুমকি দেন বলে অভিযোগ। সাংসদের এই মন্তব্যকে কেন্দ্র করে শিলিগুড়ির রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এই ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূল চেয়ারম্যান সঞ্জয় টেব্রিয়াল জানান, একজন সাংসদের মুখে এই ধরণের ভাষা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি দাবি করেন, বাংলায় আইনের শাসন চলে এবং কোনো ধমক দিয়ে লাভ হবে না। তবে ভিডিওটির সত্যতা এখনো নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।