অসুস্থ সেলিম খান: মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় লীলাবতী হাসপাতালের আইসিইউতে ভর্তি

বলিউড মেগাস্টার সালমান খানের বাবা তথা বিশিষ্ট চিত্রনাট্যকার সেলিম খানকে মঙ্গলবার সকালে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ মাথা ঘোরার সমস্যা দেখা দেওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে খবর, প্রবীণ এই ব্যক্তিত্বের মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে, যার ফলে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। খবর পেয়েই হাসপাতালে ছুটে আসেন সালমান খান ও তাঁর পরিবারের সদস্যরা। উপস্থিত ছিলেন অভিনেতার ঘনিষ্ঠ বান্ধবী ইউলিয়া ভন্তুরও। হাসপাতালের বাইরে কড়া নিরাপত্তার মধ্যে চিন্তিত অবস্থায় দেখা গিয়েছে সালমানকে।
গত নভেম্বরেই ৯০ বছরে পা দেওয়া সেলিম খান সাধারণত যথেষ্ট সুস্বাস্থ্যের অধিকারী। নিয়মিত শরীরচর্চা ও প্রাতঃভ্রমণে অভ্যস্ত এই কিংবদন্তির আকস্মিক অসুস্থতায় উদ্বিগ্ন বি-টাউন ও তাঁর অগণিত অনুরাগী। হাসপাতাল কর্তৃপক্ষ বর্তমানে তাঁর শারীরিক অবস্থা নিয়ে বিশদ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।