নির্বাচন কমিশনের কড়া নির্দেশ: অবশেষে ৪ আধিকারিকের বিরুদ্ধে এফআইআর রাজ্যের

নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই দুই জেলার চার আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল রাজ্য সরকার। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব এবং পূর্ব মেদিনীপুরের ময়নার ইআরও ও এইআরও পদমর্যাদার এই আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ ছিল। গত বছরের অগস্টে তাঁদের সাসপেন্ড করা হলেও আইনি পদক্ষেপ গ্রহণে বিলম্ব হওয়ায় নবান্নকে বারবার সতর্ক করেছিল কমিশন।
সম্প্রতি রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে তলব করে কমিশন মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার ডেডলাইন নির্দিষ্ট করে দেয়। সেই সময়সীমা শেষ হওয়ার মুহূর্তেই রাজ্য প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিয়েছে। কমিশনের এই কঠোর অবস্থান প্রশাসনিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, বসিরহাটের বিডিও সুমিত্র প্রতীম প্রধানের বিরুদ্ধেও নিয়মবহির্ভূত নিয়োগের অভিযোগে সাসপেন্ড করার সুপারিশ করেছে কমিশন। সিইও মনোজ আগরওয়াল জানিয়েছেন, সুপ্রিম কোর্টের রায় এবং এসআইআর গাইডলাইন মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কমিশনের সঙ্গে পরামর্শ ছাড়া এই সাসপেনশন প্রত্যাহার করা যাবে না বলেও স্পষ্ট জানানো হয়েছে।