বঙ্গ দখলে আদবানির ‘রথযাত্রা’ ফর্মুলাতেই ভরসা বিজেপির, রাজ্যে ১০টি যাত্রার প্রস্তুতি

২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ফের রথযাত্রার কৌশলে ফিরছে বঙ্গ বিজেপি। নব্বইয়ের দশকে লালকৃষ্ণ আদবানির ঐতিহাসিক রথযাত্রার আদলেই রাজ্যজুড়ে ১০টি বর্ণাঢ্য যাত্রা বের করার পরিকল্পনা চূড়ান্ত করছে গেরুয়া শিবির। উত্তর ও দক্ষিণবঙ্গের প্রতিটি বিধানসভা কেন্দ্রকে ছুঁয়ে যাওয়ার এই ব্লুপ্রিন্ট তৈরিতে এখন ব্যস্ত রাজ্য নেতৃত্ব।
বিগত ২০১৯ এবং ২০২১ সালের নির্বাচনেও বিজেপি রথযাত্রার উদ্যোগ নিয়েছিল। যদিও আইনি জটিলতা এবং রাজনৈতিক বাধার কারণে ২০১৯-এর কোচবিহারের কর্মসূচি বাতিল করতে হয়। ২০২১-এ রথযাত্রা প্রত্যাশিত সাফল্য না পাওয়ায়, এবার নতুন উদ্যমে জনমত গঠনে নামছে দল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের লক্ষ্যমাত্রা অনুযায়ী দুই-তৃতীয়াংশ আসন জয়ে এই যাত্রাই প্রধান অস্ত্র।
রাজনৈতিক মহলের মতে, সাংগঠনিক শক্তি বাড়াতে আদবানির পুরনো ফর্মুলাই এখন বিজেপির অন্যতম ভরসা। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার রথের রুট ম্যাপ এবং জনসভার প্রস্তুতিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তৃণমূলের দুর্গে হানা দিতে এই কর্মসূচি কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই নজর রাজনৈতিক বিশ্লেষকদের।