নির্বাচন কমিশনকে ‘টর্চার কমিশন’ বলে তোপ মমতার, ভোটার তালিকায় কারচুপির অভিযোগ

নির্বাচন কমিশনকে ‘টর্চার কমিশন’ বলে তোপ মমতার, ভোটার তালিকায় কারচুপির অভিযোগ

নবান্নে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনকে ‘টর্চার কমিশন’ এবং ‘তুঘলকি’ আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। হরিয়ানা ও বিহারের মতো রাজ্যে যে নথিপত্র বৈধ হিসেবে গণ্য হচ্ছে, বাংলায় কেন তা গ্রহণ করা হচ্ছে না, সেই প্রশ্নও তোলেন তিনি।

মুখ্যমন্ত্রীর দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করে নির্ধারিত সময়ের আগেই লগ-ইন ব্লক করে দেওয়ায় প্রায় এক লক্ষ মানুষ সমস্যায় পড়েছেন। বিজেপি আইটি সেল ব্যবহার করে প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলে বিপুল সংখ্যক নাম উধাও হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের ইআরও (ERO)-দের সাসপেন্ড করার ঘটনারও কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, হোয়াটসঅ্যাপে বিভ্রান্তিকর নির্দেশ পাঠিয়ে গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করার চেষ্টা করছে কমিশন। আইনের সীমা লঙ্ঘন করলে সাধারণ মানুষ উপযুক্ত জবাব দেবে বলে তিনি হুঁশিয়ারি দেন। এই সম্পূর্ণ প্রক্রিয়াকে তিনি একটি ‘বিশাল জালিয়াতি’ বলে অভিহিত করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *