বাদুড়িয়া যুবক খুনে গ্রেফতার আরও এক অভিযুক্ত, বিডিও-র সঙ্গীকে পুলিশি হেফাজত

বাদুড়িয়ার যুবক নাসির আলি খুনের ঘটনায় এবার প্রদীপ মণ্ডল নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। তদন্তকারীদের দাবি, নাসিরকে খুনের পর তাঁর দেহ খণ্ডিত করে বিভিন্ন জলাশয়ে ফেলে দেওয়ার কাজে সরাসরি যুক্ত ছিলেন এই ব্যক্তি। মঙ্গলবার ধৃতকে বসিরহাট আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিএলও রিজওয়ান হাসান মণ্ডল ও সাগর গাইনের পর এটি এই মামলার তৃতীয় গ্রেফতার। অভিযোগ, এসআইআর সংক্রান্ত নথির অছিলায় নাসিরকে ডেকে এনে খুন করা হয়। মূলত বিএলও-র স্ত্রীর সঙ্গে যুবকের সম্পর্কের জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড এবং দেহ লোপাটের পরিকল্পনা করা হয়েছে বলে প্রাথমিক অনুমান।
উল্লেখ্য, নাসির আলি স্থানীয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘ পাঁচ দিন নিখোঁজ থাকার পর তাঁর মোটরবাইক উদ্ধার হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে এই ঘটনার তদন্ত চালাচ্ছে। এই ষড়যন্ত্রে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।