পাকিস্তানে জঙ্গি হামলায় রক্তাক্ত খাইবার পাখতুনখোয়া, প্রাণ হারালেন ১১ পুলিশকর্মী

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজউর জেলায় এক ভয়াবহ আত্মঘাতী হামলায় ১১ জন পুলিশকর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে জঙ্গিরা আচমকা একটি পুলিশচৌকিতে ধাক্কা মারলে এই শক্তিশালী বিস্ফোরণ ঘটে। ঘটনায় এক শিশুসহ সাতজন গুরুতর আহত হয়েছেন। নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে।
সেনা আবাসের নিকটবর্তী ওই অস্থায়ী পুলিশচৌকিতে জঙ্গিরা জোরপূর্বক প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাবাহিনী তাদের বাধা দেয়। এরপরই জঙ্গিরা আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়, যার তীব্রতায় এলাকাটি কেঁপে ওঠে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
এর আগে সোমবার বাননু জেলায় একটি থানার সামনে মোটরসাইকেল বোমা বিস্ফোরণে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছিল। গত কয়েক বছর ধরে উত্তর-পশ্চিম পাকিস্তানের এই প্রদেশে নিরাপত্তাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ এবং ধারাবাহিক জঙ্গি হামলা চরম উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা এই ক্রমবর্ধমান নাশকতামূলক কর্মকাণ্ডে আতঙ্কিত হয়ে পড়েছেন।