বিহারে খোলা জায়গায় মাংস বিক্রি নিষিদ্ধ: বিজেপির ‘স্কন্ধকাটা’ রাজনীতিকে ধিক্কার মমতার

বিহারে খোলা জায়গায় মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নীতিশ কুমার-বিজেপি জোট সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী, লাইসেন্স ছাড়া মাংস বিক্রি নিষিদ্ধ এবং দোকানের সামনে কালো কাচ বা পর্দা থাকা বাধ্যতামূলক। নিয়ম লঙ্ঘন করলে ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানার সংস্থান রাখা হয়েছে। এছাড়া স্কুল বা ধর্মীয় স্থানের কাছে দোকান খোলা এবং বর্জ্য ব্যবস্থাপনায় কড়া নজরদারির কথা জানানো হয়েছে।
বিহার সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠক থেকে তিনি একে বিজেপির ‘স্কন্ধকাটা রাজনীতি’ বলে কটাক্ষ করেন। তিনি জানান, সাধারণ মানুষ এবং প্রান্তিক বিক্রেতাদের রুটিরুজির ওপর এই হস্তক্ষেপ অনভিপ্রেত। বাংলা যে ‘মাছে-ভাতে’ থাকার সংস্কৃতিতে বিশ্বাসী, মুখ্যমন্ত্রী সে কথা স্মরণ করিয়ে দিয়ে এই রাজনীতির তীব্র নিন্দা জানান।
মুখ্যমন্ত্রী আরও প্রশ্ন তোলেন, শপিং মলে যাওয়ার সামর্থ্য সকলের নেই, তাই সাধারণ বিক্রেতারা কীভাবে ব্যবসা করবেন? তিনি বলেন, স্বাস্থ্যবিধির নামে সাধারণ মানুষের খাদ্যাভ্যাস এবং জীবিকায় বাধা দেওয়া হচ্ছে। বিজেপি অন্ধ হয়ে বাংলায় এসেও এমন সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। বিহার সরকারের এই নির্দেশিকাকে জনবিরোধী আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী তাঁর কড়া অবস্থান স্পষ্ট করেছেন।