বিজেপির ৫০০০ কিমি ‘পরিবর্তন যাত্রা’: ব্রিগেডে মোদীর সভায় হবে সমাপ্তি

বিজেপির ৫০০০ কিমি ‘পরিবর্তন যাত্রা’: ব্রিগেডে মোদীর সভায় হবে সমাপ্তি

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে বড়সড় রাজনৈতিক কর্মসূচির ঘোষণা করল বিজেপি। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য ‘পরিবর্তন যাত্রা’র বিস্তারিত রূপরেখা তুলে ধরেন। ৫টি জোনে বিভক্ত এই কর্মসূচি আগামী ১ ও ২ মার্চ রাজ্যের ৯টি প্রান্ত থেকে শুরু হবে।

এই প্রচার অভিযানে প্রায় ৫,০০০ কিলোমিটার পথ অতিক্রম করার লক্ষ্য নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় প্রতিটি বিধানসভা কেন্দ্র স্পর্শ করে ৬০টি বড় জনসভা এবং ৩০০টি ছোট সভা আয়োজিত হবে। এছাড়া কলকাতার ২৯টি এলাকায় বিশেষ ট্যাবলো বের করা হবে। সাধারণ মানুষের অভাব-অভিযোগ ও মতামত সংগ্রহ করে নির্বাচনী ইস্তেহার তৈরির পরিকল্পনাও নিয়েছে দল।

মার্চ মাসেই কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশাল জনসভার মাধ্যমে এই যাত্রার সমাপ্তি ঘটবে। শমীক ভট্টাচার্য দাবি করেন, রাজ্যে তৃণমূল সরকারের সময় শেষ হয়ে এসেছে এবং প্রকৃত পরিবর্তনের লক্ষ্যেই এই দীর্ঘমেয়াদী রণকৌশল নেওয়া হয়েছে। দোল উৎসবের বিরতি বাদে ৫ থেকে ১০ মার্চের মধ্যে মূল কর্মসূচি সম্পন্ন হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *