মুর্শিদাবাদে তৃণমূলের বড় উইকেট পতন: অধীরের হাত ধরে কংগ্রেসে আবু সুফিয়ান

ভোটের আগে মুর্শিদাবাদ জেলায় বড়সড় ভাঙন ধরল শাসক শিবিরে। সোমবার বহরমপুরে বর্ষীয়ান নেতা অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে তৃণমূল ছেড়ে পুরনো দল কংগ্রেসে ফিরলেন প্রাক্তন বিধায়ক আবু সুফিয়ান। তাঁর সঙ্গেই বহরমপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের একঝাঁক যুবক কংগ্রেসে যোগদান করায় জেলায় নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে।
দীর্ঘ ১৫ বছর তৃণমূলে থাকার পর আবু সুফিয়ান দলত্যাগের কারণ হিসেবে শাসক দলের দুর্নীতি ও গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করেছেন। তাঁর অভিযোগ, কাটমানি ও তোলাবাজির বিরুদ্ধে সরব হওয়ায় বিগত পাঁচ বছর তাঁকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল। সুফিয়ানের এই প্রত্যাবর্তনে নিচুতলার কর্মীদের মধ্যেও উৎসাহ দেখা দিয়েছে।
রাজনৈতিক মহলের মতে, অভিজ্ঞ নেতার এই ‘ঘরওয়াপসি’ মুর্শিদাবাদে তৃণমূলের জন্য বড় ধাক্কা। অধীর চৌধুরীর খাসতালুক বহরমপুরে কংগ্রেসের এই শক্তিবৃদ্ধি আসন্ন নির্বাচনে শাসক দলকে চাপে রাখবে। জেলাজুড়ে হৃত জমি পুনরুদ্ধারে এই যোগদান কংগ্রেসের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।