মেদিনীপুরে পথ দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা ও চালকের মৃত্যু, আহত ৩

মেদিনীপুরে পথ দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা ও চালকের মৃত্যু, আহত ৩

পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানার বনপুরা এলাকায় উচ্চ মাধ্যমিকের ডিউটি সেরে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ইংরেজি শিক্ষিকা রূপা প্রামাণিক (৪৩) ও গাড়িচালক শেখ আবু নাসের। মঙ্গলবার দুপুরে মেদিনীপুর-কেশপুর রাজ্য সড়কে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তাঁদের চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘাতক ট্রাকের ধাক্কায় গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন গাড়িতে থাকা গণিত শিক্ষিকা কঙ্কনা সাঁতরা এবং দুই বাইক আরোহী। স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘাতক ট্রাকটিকে আটক করেছে। তবে চালক ও খালাসি বর্তমানে পলাতক।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় বারবার দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের নজরদারি অভাব রয়েছে। দুর্ঘটনার জেরে রাজ্য সড়কে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়, যা পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয়। নিহত শিক্ষিকা কেশপুর গার্লস হাই স্কুলের কর্মী ছিলেন এবং পরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *