মানিকচকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, ঘনীভূত হচ্ছে খুনের রহস্য

মালদা জেলার মানিকচকের বাকিপুরে রিয়া মণ্ডল নামে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার ভোরে বাড়ির বারান্দা থেকে মানিকচক শিক্ষা নিকেতন স্কুলের ওই ছাত্রীর নিথর দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দাদের খবরের ভিত্তিতে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
মৃতার পরিবারের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। রিয়ার বাবা শঙ্কর মন্ডল জনৈক এক স্থানীয় যুবকের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন। পরিবারের দাবি, ভোরে অভিযুক্ত যুবককে ছাত্রীর দেহ বিছানায় শুইয়ে দিয়ে পালিয়ে যেতে দেখা গেছে। জানা গেছে, অভিযুক্ত যুবক ও রিয়া সহপাঠী ছিলেন এবং তারা দীর্ঘসময় একসঙ্গে পড়াশোনাও করতেন।
প্রাথমিকভাবে মৃত্যুটি নিয়ে ধোঁয়াশা থাকলেও পুলিশ সব দিক খতিয়ে দেখছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ খুন নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই স্পষ্ট হবে বলে মানিকচক থানার পুলিশ জানিয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।