ভাতার বিডিও অফিসে প্রকল্পের আবেদন জমা দিতে তুমুল বিশৃঙ্খলা

মঙ্গলবার পূর্ব বর্ধমানের ভাতার বিডিও অফিসে সরকারি প্রকল্পের আবেদনপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। খেতমজুরদের সহায়তা প্রকল্পের ফর্ম জমা দিতে আসা কয়েক হাজার মানুষের ভিড়ে অফিস চত্বরে হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কি শুরু হয়। বিশৃঙ্খল পরিস্থিতির জেরে চরম ভোগান্তির শিকার হন সাধারণ উপভোক্তারা।
প্রশাসন সূত্রে জানা গেছে, এদিন নিত্যানন্দপুর অঞ্চলের বাসিন্দাদের ফর্ম জমার দিন ধার্য ছিল। ভিড় সামলাতে আলাদা সময়সূচি থাকলেও সকাল থেকেই কয়েক হাজার নারী-পুরুষ লাইনে দাঁড়ান। পর্যাপ্ত পরিকাঠামো ও আধিকারিকের অভাবে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় আবেদনকারীদের। ফলে অব্যবস্থার অভিযোগে উপভোক্তাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।
সম্প্রতি রাজ্যে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের পরিধি ও অনুদান বৃদ্ধি পাওয়ায় সরকারি দফতরগুলিতে ভিড় বাড়ছে। নিত্যানন্দপুর পঞ্চায়েত কর্তৃপক্ষ সকলকে ধৈর্য ধরার আবেদন জানালেও পরিস্থিতির মোকাবিলায় প্রশাসনিক তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। হয়রানি কমাতে পৃথক কাউন্টার ও উন্নত ব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীয়রা।