রিলস বানাতে গিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে যুবককে পিষে মারল নাবালক

দিল্লির দ্বারকায় রিলস বানানোর নেশায় প্রাণ গেল ২৩ বছর বয়সী যুবক সাহিল ধানেশরার। অভিযোগ, গত ৩ ফেব্রুয়ারি ১৭ বছর বয়সী এক কিশোর তার বাবার এসইউভি নিয়ে দ্রুত গতিতে গাড়ি চালানোর ভিডিও করছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা সাহিলের বাইকের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার অভিঘাতে সাহিল ছাড়াও এক ট্যাক্সিচালক আহত হন এবং পার্ক করা বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
নিহতের পরিবারের দাবি, দুর্ঘটনার পর দীর্ঘ সময় রাস্তায় পড়ে থাকলেও কেউ সাহিলকে সাহায্য করতে এগিয়ে আসেনি। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অভিযুক্ত কিশোরের মা জানিয়েছেন, ঘটনার সময় কিশোরের বোন পাশে বসে ভিডিও রেকর্ড করছিল, যা পরবর্তীতে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং ময়নাতদন্তের রিপোর্টে সাহিলের মাথায় গুরুতর আঘাতের কথা উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর অভিযুক্ত নাবালককে আটক করে জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানো হলেও বর্তমানে সে অন্তর্বর্তী জামিনে রয়েছে। পুলিশ প্রথমে চালককে প্রাপ্তবয়স্ক হিসেবে দেখালেও পরে প্রকৃত বয়স যাচাই করে পদক্ষেপ নেয়। কিশোরের বাবাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হলেও চার্জশিটে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ভিডিওটির সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।