রাজস্থান রয়্যালসের বড় অফার গৌতম গম্ভীরকে, ছাড়বেন কি টিম ইন্ডিয়ার দায়িত্ব?

ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীরকে বড়সড় প্রস্তাব দিল আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস। সূত্রের খবর, দলটির মালিকানা পরিবর্তনের প্রক্রিয়ার মাঝেই নতুন বিনিয়োগকারীরা গম্ভীরকে মেন্টর ও সিইও পদের পাশাপাশি ২-৩ শতাংশ শেয়ারের মালিক হওয়ার প্রস্তাব দিয়েছেন। রাজস্থান রয়্যালস তাদের খোলনলচে বদলে ফেলে সাফল্যের লক্ষ্যে গম্ভীরকে এই ত্রিমুখী দায়িত্ব দিতে আগ্রহী বলে জানা গিয়েছে।
এর আগে গম্ভীরের মেন্টরশিপে কলকাতা নাইট রাইডার্স আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। তবে বর্তমানে তিনি ভারতীয় জাতীয় দলের প্রধান কোচ হিসেবে বিসিসিআই-এর সঙ্গে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ। ফলে পেশাদার দায়বদ্ধতার কারণে একসঙ্গে জাতীয় দল এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজির কোনো পদে থাকা বা মালিকানা গ্রহণ করা তাঁর পক্ষে নীতিগতভাবে সম্ভব নয়।
বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী, জাতীয় দলের কোচ থাকাকালীন আইপিএলের কোনো দলের সঙ্গে সরাসরি যুক্ত হওয়া যায় না। টিম ইন্ডিয়ার দায়িত্ব নেওয়ার জন্য গম্ভীর ইতিপূর্বে কেকেআরের মেন্টরশিপ ছেড়েছিলেন। তাই রাজস্থান রয়্যালসের এই লোভনীয় প্রস্তাব সত্ত্বেও গম্ভীরের ভারতের কোচের পদ ছেড়ে আইপিএলে ফেরার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।