এপস্টাইন বিতর্কের ছায়া: দিল্লি এআই সামিটের তালিকা থেকে বাদ পড়লেন বিল গেটস

কুখ্যাত জেফ্রি এপস্টাইন যৌন কেলেঙ্কারি নথিতে নাম আসায় দিল্লির ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’ থেকে বাদ পড়লেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস। মার্কিন বিচার বিভাগ প্রকাশিত নথিতে বিশ্বের একাধিক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে গেটসের নাম জড়ানোয় কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে সামিটের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তাঁর নাম সরিয়ে ফেলা হয়েছে।
সরকারি সূত্রে খবর, নির্যাতিতদের পাশে দাঁড়ানোর বার্তা দিতেই গেটসের আমন্ত্রণ পুনর্বিবেচনা করেছে ভারত। মঙ্গলবার সকালেই নিশ্চিত করা হয় যে গেটস এই সম্মেলনে যোগ দিচ্ছেন না। সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়ায় সরকার তাঁর অংশগ্রহণকে বর্তমান পরিস্থিতিতে সমীচীন মনে করেনি।
পূর্বে গেটস ফাউন্ডেশনের প্রধান হিসেবে তাঁর এই আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তা থাকার কথা ছিল। তবে সরকারিভাবে কোনো কারণ স্পষ্ট না করা হলেও, তাঁর এই আকস্মিক অনুপস্থিতি বিশ্ব রাজনীতিতে এপস্টাইন কাণ্ডের গভীর প্রভাবকেই ইঙ্গিত দিচ্ছে। এর ফলে সম্মেলন ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা।