শামির দাপটে চালকের আসনে বাংলা, রঞ্জি সেমিফাইনালে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে লিড অভিমন্যুদের

রঞ্জি ট্রফির সেমিফাইনালে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে বল হাতে আগুন ঝরিয়েছেন বাংলার পেসার মহম্মদ শামি। কল্যাণীর মাঠে প্রথম ইনিংসে ৮ উইকেট নিয়ে একাই ধস নামালেন প্রতিপক্ষের ব্যাটিং লাইনে। বাংলার ৩২৮ রানের জবাবে ৩০২ রানেই গুটিয়ে যায় জম্মু-কাশ্মীরের ইনিংস। শামির বিধ্বংসী স্পেলের সৌজন্যে প্রথম ইনিংসে ২৬ রানের গুরুত্বপূর্ণ লিড পেল বাংলা।
খেলার দ্বিতীয় দিন ৩ উইকেট নিলেও মঙ্গলবার তৃতীয় দিনে বাকি ৫ উইকেট তুলে নেন শামি। প্রতিপক্ষের কানহাইয়া ওয়াধাওয়ান ও আবিদ মুশতাকের জমাট জুটি ভেঙে বাংলাকে খেলায় ফেরান তিনি। এক সময় আকিব নবি ও যুদ্ধবীরের ব্যাটে জম্মু-কাশ্মীর লিড নেওয়ার স্বপ্ন দেখলেও শামির গতির কাছে হার মানতে বাধ্য হয় তারা।
২২.১ ওভারে ৯০ রান দিয়ে ৮ উইকেট নেওয়ার এই পারফরম্যান্সের পর ভারতীয় দলে ফেরার দাবি আরও জোরালো করলেন শামি। মাঠ ছাড়ার সময় সতীর্থদের গার্ড অফ অনার ও দর্শকদের অভিবাদনে সিক্ত হন এই অভিজ্ঞ পেসার। কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেও শামির এই প্রত্যাবর্তনে খুশি বাংলার ক্রিকেট মহল।