আন্তর্জাতিক টেলি-জালিয়াতি চক্রের পর্দাফাঁস: কলকাতায় ধৃত ২, বাজেয়াপ্ত সিমবক্স

কলকাতা পুলিশের অভিযানে আমহার্স্ট স্ট্রিট থেকে মহম্মদ আমজাদ ও আবীর শেখ নামে দুই প্রতারককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে একাধিক সিমবক্স, ২৫০টি সিম কার্ড, ল্যাপটপ, রাউটার এবং মালয়েশিয়ান মুদ্রা উদ্ধার হয়েছে। চক্রটি আন্তর্জাতিক ভিওআইপি কলকে লোকাল কলে রূপান্তরিত করে প্রায় ৩ কোটি টাকার জালিয়াতি চালিয়েছে বলে অভিযোগ।
তদন্তে জানা গেছে, প্রতারকরা সিবিআই অফিসার সেজে অবৈধ পার্সেল পাচারের ভয় দেখিয়ে সাধারণ মানুষের থেকে বিপুল অর্থ আদায় করত। এরা ‘সিমবক্স’ যন্ত্র ব্যবহার করে কলের আসল উৎস গোপন রাখত। এই কাজে বাংলাদেশের ভিপিএন ও ভার্চুয়াল নম্বর ব্যবহার করা হতো।
পুলিশের দাবি, এই চক্রের মূল পাণ্ডা ত্রিপুরার বিপ্লব হোসেন এবং মালয়েশিয়ার নাগরিক চুং ওয়েই কিয়াত। ওই বিদেশি নাগরিক চিকিৎসার ভিসায় ভারতে এসে জালিয়াতি চালাত। বাগুইআটি ও রাজাবাজার এলাকাতেও এই নেটওয়ার্ক সক্রিয় ছিল। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।