সীমান্তে পুলিশের ওপর হামলা: জুভেনাইল হোম থেকে পলাতক ২ পাকিস্তানি নাগরিকসহ ৩

জম্মু-কাশ্মীরের আরএস পুরায় আন্তর্জাতিক সীমান্তের কাছে একটি জুভেনাইল হোম থেকে তিন বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার বিকেল সোয়া ৫টা নাগাদ বন্দিরা হোমের দরজা ভেঙে কর্তব্যরত পুলিশ কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। অভিযুক্তরা গুলি চালিয়ে সেখান থেকে চম্পট দেয় বলে অভিযোগ উঠেছে।
পলাতক তিনজনের মধ্যে মহম্মদ সুনা উল্লাহ ও আহসান আনোয়ার পাকিস্তানের নাগরিক। তৃতীয় জন স্থানীয় ডাবলেহারের বাসিন্দা করজিৎ সিংহ ওরফে গুগ্গা। এই সংঘর্ষের ঘটনায় দুজন পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই ভারত-পাক সীমান্ত সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নিরাপত্তা বাহিনী পলাতক আসামিদের ধরতে পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করেছে। এই ঘটনার জেরে সীমান্ত সংলগ্ন আরএস পুরা এলাকায় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন ও পিটিআই সূত্রে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।