সিবিআই ও আইপিএস সেজে কোটি টাকার সাইবার প্রতারণা, কলকাতায় ধৃত ১

কলকাতা পুলিশের সাইবার শাখা এক বিশাল আন্তর্জাতিক প্রতারণা চক্রের পর্দাফাঁস করে মহম্মদ আমজাদ নামে একজনকে গ্রেপ্তার করেছে। অভিযোগ, সিবিআই ও ইডি আধিকারিক সেজে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার ও আইনি জটিলতার ভয় দেখিয়ে ৩.০১ কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই চক্রটি। পার্ক স্ট্রিট এলাকা থেকে অভিযুক্তকে পাকড়াও করা হয়।
তদন্তে নেমে পুলিশ বিপুল পরিমাণ ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে ১২টি আধুনিক সিম বক্স, ২২৫০টি সিম কার্ড, ১৭টি মোবাইল হ্যান্ডসেট এবং ল্যাপটপসহ অন্যান্য রাউটিং ডিভাইস। প্রাথমিক অনুমান, এই সিম বক্সগুলো ব্যবহার করে আন্তর্জাতিক কল রাউটিং এবং পরিচয় গোপন রেখে ডিজিটাল কায়দায় সাধারণ মানুষকে ফাঁদে ফেলা হতো।
পুলিশ জানিয়েছে, প্রতারকরা ভুয়ো পরিচয়পত্র এবং ভিডিও কলের মাধ্যমে সিবিআই নজরদারির নাটক তৈরি করে আত্মসাৎ করত মোটা টাকা। এই চক্রের সঙ্গে আরও কারা যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। সাধারণ মানুষকে সতর্ক করে জানানো হয়েছে, কোনো সরকারি সংস্থা কখনোই ফোন বা ভিডিও কলের মাধ্যমে টাকা স্থানান্তরের নির্দেশ দেয় না।