নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ: রাজ্যে সাত এআইআরও আধিকারিক সাসপেন্ড

কর্তব্যে গাফিলতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে রাজ্যের সাত আধিকারিককে সরাসরি সাসপেন্ড করল নির্বাচন কমিশন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অসদাচরণের অভিযোগে গত রবিবার নবান্নকে নির্দেশ পাঠিয়েছিল কমিশন। নির্দেশের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রাজ্য পদক্ষেপ করার আগেই কমিশন নিজে এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে।
নিলম্বিত আধিকারিকদের মধ্যে রয়েছেন ক্যানিং পূর্বের সত্যজিৎ দাস ও জয়দীপ কুণ্ডু, ময়নাগুড়ির ডালিয়া রায়চৌধুরী, সমশেরগঞ্জের শেফাউর রহমান, ফরাক্কার নীতীশ দাস, সুতির শেখ মুর্শিদ আলম এবং ডেবরার দেবাশিস বিশ্বাস। তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এআইআরও পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে।
এর আগে ভুয়ো ভোটার নাম নথিভুক্ত করার অভিযোগে আরও চার আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল কমিশন। বারবার রিমাইন্ডার দেওয়া সত্ত্বেও রাজ্য কার্যকর না করায় মুখ্যসচিবকে তলব করা হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই এই সাত আধিকারিকের বিরুদ্ধে কমিশনের সরাসরি পদক্ষেপ প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।