সিপিএম রাজ্য কমিটি থেকে ইস্তফা প্রতিকুর রহমানের, তুঙ্গে অন্তর্দ্বন্দ্বের জল্পনা

সিপিএমের রাজ্য রাজনীতিতে বড়সড় রদবদল। দলের রাজ্য কমিটি ও প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিলেন তরুণ নেতা তথা এসএফআই-এর প্রাক্তন রাজ্য সভাপতি প্রতিকুর রহমান। সোমবার সমাজমাধ্যমে তাঁর পদত্যাগপত্রের একটি ছবি ভাইরাল হতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে, বর্তমানে দলের জেলা ও রাজ্য নেতৃত্বের কর্মপদ্ধতির সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারছেন না তিনি।
দলীয় সূত্রের খবর, সম্প্রতি মহম্মদ সেলিম ও হুমায়ুন কবীরের বৈঠক নিয়ে দলের অন্দরে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল, তাতে ভিন্নমত পোষণ করেছিলেন প্রতিকুর। শতরূপ ঘোষের নীতি-নৈতিকতা সংক্রান্ত মন্তব্যের পাল্টা দিয়ে তিনি জানিয়েছিলেন, আদর্শহীন কোনো কমিউনিস্ট পার্টি হতে পারে না। এই মতাদর্শগত সংঘাতের জেরেই প্রতিকুর কোণঠাসা হয়ে পড়ছিলেন বলে অনুমান করা হচ্ছে।
বিধানসভা নির্বাচনের আগে প্রতিকুর রহমানের মতো জনপ্রিয় তরুণ নেতার এই প্রস্থান বঙ্গ সিপিএমকে বড়সড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করাল। যদিও এই বিষয়ে প্রতিকুর সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে নারাজ, তবুও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের সেই চিঠি পোস্ট করা নিয়ে ‘সর্ষের মধ্যে ভূত’ খোঁজার জল্পনা শুরু হয়েছে। দলের অন্দরের এই বিশৃঙ্খলা বাম কর্মীদের মধ্যে চরম অস্বস্তি তৈরি করেছে।