বাংলায় পরিবর্তনের লক্ষ্যে বিজেপির মেগা রুট ম্যাপ এবং দিল্লির হেভিওয়েট নেতাদের নিয়ে মাস্টারপ্ল্যান

আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যজুড়ে পাঁচটি ‘পরিবর্তন যাত্রা’ শুরু করতে চলেছে বিজেপি। শনিবার সল্টলেকে দলের কোর কমিটির বৈঠকে এই যাত্রার রুট ম্যাপ এবং রণকৌশল নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সূত্রের খবর, ফেব্রুয়ারির মধ্যেই সমস্ত মোর্চা ও সেলের সম্মেলন শেষ করতে মরিয়া পদ্মশিবির। প্রতিটি কর্মসূচিতে কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির প্রভাবশালী নেতাদের ‘মুখ’ হিসেবে তুলে ধরে কর্মীদের চাঙ্গা করাই এখন গেরুয়া শিবিরের মূল লক্ষ্য।
বিজেপির এই রুদ্ধদ্বার বৈঠকে আগামী রাজ্যসভা নির্বাচনের প্রার্থী বাছাই নিয়েও প্রাথমিক চর্চা হয়েছে বলে জানা গেছে। বিধানসভার পাটিগণিত অনুযায়ী অন্তত একটি আসনে জয় নিশ্চিত ধরে নিয়ে যোগ্য নাম নিয়ে ভাবনাচিন্তা করছেন নেতারা। একইসঙ্গে চলতি মাসের শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সফর এবং মহিলা ও বস্তি উন্নয়ন সেলের সম্মেলনে দিল্লির হেভিওয়েটদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়েও চূড়ান্ত রূপরেখা তৈরি করা হয়েছে।