সীমান্তে জামাতের জয় কি বদলে দেবে বাংলার ভোটের অঙ্ক

নিউজ ডেস্ক : ওপার বাংলায় সীমান্তবর্তী জেলাগুলোতে কট্টরপন্থী জামায়াতে ইসলামির বড় জয় কি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রভাব ফেলবে? বাংলাদেশে বিএনপি-জামাত জোটের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের পর এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আমজনতার মনে। বিশেষ করে কোচবিহার থেকে দক্ষিণ ২৪ পরগনা পর্যন্ত ছড়িয়ে থাকা সীমান্ত ঘেঁষা ৯০টি বিধানসভা কেন্দ্রে সাধারণ মানুষের নিরাপত্তা ও রাজনৈতিক মেরুকরণ নিয়ে তৈরি হয়েছে তীব্র কৌতূহল।
রাজনৈতিক মহলের মতে, এই নির্বাচনী ফলাফল ওপার বাংলার হিন্দু সংখ্যালঘুদের ওপর প্রভাব ফেললে তার আঁচ এপাারেও এসে পড়বে। বিজেপি ইতিমধ্যেই এই জয়কে হিন্দুদের জন্য ‘সতর্কবার্তা’ হিসেবে তুলে ধরে ভোট সংহতির কৌশল নিচ্ছে। অন্যদিকে, তৃণমূল এই বিতর্ককে বিভাজনের রাজনীতি বলে উড়িয়ে দিলেও, সীমান্তবর্তী সাধারণ মানুষের মনে অনুপ্রবেশ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। শেষ পর্যন্ত সীমান্তের এই পট পরিবর্তন বাংলার ব্যালট বক্সে কী ছাপ ফেলে, এখন সেটাই দেখার।