সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা কি স্বৈরতন্ত্রের চাবিকাঠি?

নিউজ ডেস্ক : বাংলাদেশের সংসদীয় ইতিহাসে দুই-তৃতীয়াংশ আসন পাওয়া মানেই যেন সংবিধান কাটছাঁটের একচ্ছত্র ক্ষমতা। ৩০০ আসনের মধ্যে ২০০ বা তার বেশি আসন পেলে যেকোনো দল এককভাবে দেশের সর্বোচ্চ আইন পরিবর্তন করতে পারে। সাধারণ মানুষের ওপর এর প্রভাব পড়ে সুদূরপ্রসারী, কারণ অতীতে দেখা গেছে, এমন নিরঙ্কুশ জয় অনেক সময় জনস্বার্থের চেয়ে দলীয় এজেন্ডা বাস্তবায়নেই বেশি ব্যবহৃত হয়েছে। কখনো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, কখনোবা বিচারপতির বয়স বাড়িয়ে নিজেদের পছন্দের লোক বসানোর মতো ঘটনা ঘটেছে এই ক্ষমতার জোরেই।
ইতিহাস বলছে, ১৯৭৩ থেকে ২০২৪ পর্যন্ত যখনই কোনো দল বিশাল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তখনই শাসন কাঠামো বদলে দেওয়ার প্রবণতা দেখা গেছে। ১৯৭৫ সালে বাকশাল গঠন, জিয়ার আমলে রাষ্ট্রীয় মূলনীতি পরিবর্তন কিংবা এরশাদের রাষ্ট্রধর্ম ঘোষণা—সবই ছিল সংসদের এই সংখ্যার খেলা। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি দুই-তৃতীয়াংশ জয় পাওয়ায় সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, এবারও কি ক্ষমতার এই দাপট সংবিধানকে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করবে, নাকি অতীত থেকে শিক্ষা নিয়ে তৈরি হবে প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ?