বিপুল জয়ে তারেক রহমানের সামনে কঠিন পরীক্ষা, সাধারণ মানুষের ভাগ্যে কী পরিবর্তন আসবে?

নিউজ ডেস্ক : বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ আগামী ১৭ বা ১৮ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হতে পারে। বিশাল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সামনে এখন মূল চ্যালেঞ্জ সাধারণ মানুষের আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করা। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি থেকে মুক্তি পেতে সাধারণ মানুষ দ্রুত সমাধান চাইছে। এছাড়া দীর্ঘদিনের অস্থিরতা কাটিয়ে ব্যবসায়িক পরিবেশ স্বাভাবিক করা এবং কর্মসংস্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নই হবে নতুন প্রশাসনের প্রধান অগ্নিপরীক্ষা।
দ্বিতীয় বড় চ্যালেঞ্জ হলো ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনর্গঠন করে জনমনে স্বস্তি ফেরানো। অন্তর্বর্তীকালীন সময়ে তৈরি হওয়া অনিশ্চয়তা দূর করে কলকারখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ফেরানো না গেলে সাধারণ জীবনযাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটাররা স্থিতিশীলতার আশায় বিএনপিকে নিরঙ্কুশ জয় দিলেও, পুলিশ বাহিনীকে সক্রিয় করা এবং বৈদেশিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে অর্থনীতি সচল করতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। মানুষের এই বিপুল আস্থার প্রতিফলন ঘটাতে না পারলে জনরোষ সামলানো কঠিন হয়ে পড়বে।