ধোনির বায়োপিক দেখে বদলে গেল দুবাইয়ের হোটেলের পেঁয়াজ কাটার জীবন

নিউজ ডেস্ক : সাধারণ মানুষের কাছে অনুপ্রেরণার নাম হতে পারেন উসমান তারিক, যার জীবন বদলে দিয়েছে রূপালি পর্দার এক দৃশ্য। দুবাইয়ের হোটেলে পেঁয়াজ কাটার হাড়ভাঙা খাটুনি আর শ্রমিকের ক্যাম্পে ২০ জনের সঙ্গে রাত কাটানো তরুণটি আজ বিশ্বমঞ্চে পাকিস্তানের ট্রাম্প কার্ড। চরম অর্থকষ্ট আর অনিশ্চয়তার মাঝে যখন তিনি ক্রিকেট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, ঠিক তখনই মহেন্দ্র সিং ধোনির লড়াই তাকে নতুন করে স্বপ্ন দেখতে শেখায়। ধোনির রেলওয়ে প্ল্যাটফর্মে বসে থাকার সেই দৃশ্যটি দেখে তারিক বুঝতে পারেন, হার মানার আগে শেষ একবার চেষ্টা করা জরুরি।
এই জেদই তাকে দুবাইয়ের নিশ্চিত চাকরি ছাড়িয়ে ফিরিয়ে আনে পাকিস্তানের নেটে। ম্যাচ পিছু মাত্র কয়েকশো টাকার বিনিময়ে খেলা শুরু করে আজ তিনি পিএসএল ও বিশ্বকাপের আঙিনায় নিজের বোলিং অ্যাকশন দিয়ে বিশ্বকে চমকে দিচ্ছেন। তারিকের এই অবিশ্বাস্য উত্থান প্রমাণ করে যে, সাধারণ ঘরের ছেলেও যদি ধোনির মতো অদম্য মানসিকতা বজায় রাখে, তবে কঠিন বাস্তবকে হারিয়ে সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব। ভারতের বিরুদ্ধে মাঠে নেমে নিজের প্রতিভার ছাপ রাখতে মরিয়া এই স্পিনার এখন কোটি কোটি লড়াকু মানুষের কাছে এক জীবন্ত উদাহরণ।