বিদেশে হোটেলের বিল মেটানোর টাকা নেই পাক খেলোয়াড়দের কপালে জুটল চরম লাঞ্ছনা

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে গিয়ে বিদেশের রাস্তায় রাত কাটাতে হলো পাকিস্তানের হকি খেলোয়াড়দের। পকেটে হোটেলের বিল মেটানোর টাকা না থাকায় মাঝপথেই বাতিল হয় বুকিং। এই চরম অর্থকষ্টে কয়েক ঘণ্টা রাস্তায় ঘুরে বেড়াতে হয় জাতীয় হকি দলকে, যা সাধারণ ক্রীড়াপ্রেমীদের মনে বড়সড় ধাক্কা দিয়েছে। দেশের হয়ে লড়তে গিয়ে এমন অপদস্থ হওয়ায় খেলোয়াড়দের মনোবল ভেঙে চুরমার, যার প্রভাব পড়েছে তাদের খেলার মাঠেও।
শেষমেশ স্থানীয় প্রবাসীদের সহায়তায় মাথা গোঁজার ঠাঁই মিললেও পরিস্থিতির উন্নতি হয়নি। একটি ছোট ঘরে গাদাগাদি করে থাকতে হয়েছে একাধিক খেলোয়াড়কে। পর্যাপ্ত বিশ্রাম না নিয়েই পরের দিন সরাসরি মাঠে নামতে বাধ্য হন তারা। পাকিস্তান হকি ফেডারেশনের এমন অপেশাদার আচরণ ও আর্থিক দৈন্যদশা খেলোয়াড়দের ভবিষ্যৎ এবং দেশের সম্মানকে বিশ্ব দরবারে তলানিতে ঠেকিয়েছে।