তারেক রহমানের হাত ধরে কি ফিরবে দিল্লি-ঢাকা বন্ধুত্ব? আমজনতার ওপর প্রভাব কতটুকু

নিউজ ডেস্ক : বাংলাদেশের সাধারণ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর এখন সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন—ভারতের সঙ্গে আগামীর সম্পর্কটা ঠিক কেমন হবে? ২৯৯টি আসনের মধ্যে অন্তত ২১২টিতে জিতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছেন তারেক রহমান। এই ক্ষমতার পালাবদল মানে কেবল সরকার পরিবর্তন নয়, বরং সীমান্ত বাণিজ্য, বিদ্যুৎ সরবরাহ এবং দুই দেশের মানুষের অবাধ যাতায়াতের ওপর এর সরাসরি প্রভাব পড়বে। সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজন ও সীমান্ত নিরাপত্তা এখন নতুন কূটনৈতিক সমীকরণের ওপর দাঁড়িয়ে।
তারেক রহমান স্পষ্ট জানিয়েছেন, দিল্লি যদি কেবল একজন ব্যক্তির বদলে বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে, তবেই তা স্থায়ী হবে। বিশেষ করে শেখ হাসিনার ভারতে অবস্থান এবং বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তি পুনর্মূল্যায়নের ইঙ্গিত দু’দেশের সম্পর্কে নতুন মোড় আনতে পারে। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিনন্দন বার্তা এবং বিএনপি নেতাদের ইতিবাচক আশ্বাস সাধারণ ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফেরাচ্ছে। আদানির বিদ্যুৎ চুক্তি বা ভারতীয় ঋণে চলা উন্নয়ন প্রকল্পগুলো সচল থাকলে আখেরে দুই দেশের সাধারণ মানুষেরই লাভ হবে।