বিশ্বকাপে ইতালির হুঙ্কার হেলাফেলা করলে এবার কপাল পুড়বে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের

নিউজ ডেস্ক : সাধারণ ক্রিকেট প্রেমীরা হয়তো কল্পনাও করতে পারেননি যে ফুটবলের দেশ ইতালি ক্রিকেট মাঠে এমন তাণ্ডব চালাবে। নেপালকে ১০ উইকেটে উড়িয়ে দেওয়ার পর এখন কাঁপছে বিশ্ব ক্রিকেটের তাবড় শক্তিরা। এই জয়ের ফলে গ্রুপ পর্বের সমীকরণ বদলে গেছে, যা সরাসরি প্রভাব ফেলবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো চ্যাম্পিয়ন দলগুলোর ওপর। মাঠের লড়াইতে ইতালি এখন আর কেবল অংশগ্রহণকারী নয়, বরং পরাশক্তিদের বিদায় ঘণ্টা বাজানোর ক্ষমতা রাখে।
মুম্বইয়ের ওয়াংখেড়েতে নেপালের দেওয়া ১২৪ রানের লক্ষ্যমাত্রা মাত্র ১২.৪ ওভারেই টপকে ইতিহাস গড়েছে ইতালি। দুই ভাই জাস্টিন ও অ্যান্টনি মসকার বিধ্বংসী ব্যাটিং এবং কালুগামাগের বোলিং তোপে দিশেহারা প্রতিপক্ষ। ইতালীয় অধিনায়ক ওয়েন ম্যাডসেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের হালকাভাবে নেওয়ার ভুল করলে খেসারত দিতে হবে বড় দলগুলোকে। এই অঘটন ঘটার প্রবল সম্ভাবনা এখন সাধারণ দর্শকদের মনে রোমাঞ্চ আর চ্যাম্পিয়ন দলগুলোর শিবিরে আতঙ্কের সৃষ্টি করেছে।