চক্ষুদান মহৎ কাজ না অপরাধ? চারদিন পর ফিরল ন্যায় বিচার

নিউজ ডেস্ক : মায়ের চক্ষুদান করতে গিয়ে হাজতবাস করতে হওয়ায় সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞানমনস্কতা নিয়ে গভীর প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি হয়েছিল। অবশেষে চারদিন পর কৃষ্ণনগর আদালত আমির চাঁদ শেখ ও তাঁর পরিবারের চার সদস্যের নিঃশর্ত জামিন মঞ্জুর করায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। এই ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে, ভুল বোঝাবুঝি ও সামাজিক বিভ্রান্তি কীভাবে একজন সমাজকর্মীর মানবিক উদ্যোগকে বিপদে ফেলতে পারে।
শুনানিতে অভিযোগকারী স্বীকার করেছেন যে এটি ছিল নিছক ভুল বোঝাবুঝি, যার ফলে জনমনে তৈরি হওয়া অহেতুক আতঙ্ক প্রশমিত হয়েছে। বিচারকের এই নির্দেশে প্রমাণিত হলো যে সমাজসেবা বা বিজ্ঞানসম্মত কাজ কখনো অপরাধ হতে পারে না। এই রায় সাধারণ মানুষের মানবিক ও সামাজিক কাজে উৎসাহ জোগাবে এবং চক্ষুদান বা মরণোত্তর অঙ্গদানের মতো মহৎ উদ্যোগের পথে যে কোনো অশিক্ষা বা কুসংস্কারের বাধা দূর করতে সহায়ক হবে।