নামিবিয়া ম্যাচের আগে ঈশানকে নিয়ে বড় দুশ্চিন্তায় টিম ইন্ডিয়া

নিউজ ডেস্ক : টি-২০ বিশ্বকাপে নামিবিয়ার মুখোমুখি হওয়ার ঠিক আগেই বড় ধাক্কা খেল ভারত। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নেট প্র্যাকটিসের সময় জসপ্রীত বুমরাহের গতির মুখে পড়ে বাঁ পায়ের আঙুলে মারাত্মক চোট পেয়েছেন বিধ্বংসী ব্যাটার ঈশান কিষান। যন্ত্রণায় মাঠেই লুটিয়ে পড়া ঈশানের এই চোট বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সময়ে ভারতের ব্যাটিং লাইনআপকে চাপে ফেলতে পারে। মিডল অর্ডারে তাঁর অভাব পূরণ করা দলের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
অন্যদিকে, অসুস্থতা কাটিয়ে অভিষেক শর্মা সুস্থ হয়ে ফেরায় কিছুটা স্বস্তি ফিরেছে শিবিরে। তবে ঈশানের চোট কতটা গুরুতর এবং তিনি পরবর্তী ম্যাচগুলোতে মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। গুরুত্বপূর্ণ ম্যাচে দলের প্রধান উইকেটকিপার-ব্যাটারকে না পাওয়া সাধারণ ক্রিকেট সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এখন দেখার বিষয়, চোট কাটিয়ে ঈশান দ্রুত কামব্যাক করতে পারেন নাকি ভারতের বিশ্বকাপ অভিযানে নতুন কোনো পরিকল্পনা নিতে হয়।