বাংলায় কথা বলাই কি কাল হলো সুখেনের? মহারাষ্ট্রে বাঙালি শ্রমিকের নৃশংস হত্যাকাণ্ডে শিউরে উঠছে দেশ

নিউজ ডেস্ক : মহারাষ্ট্রের পুণেতে পুরুলিয়ার শ্রমিক সুখেন মাহাতোর নৃশংস খুনে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। অভিযোগ, স্রেফ মাতৃভাষা বাংলায় কথা বলার অপরাধে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। ভিনরাজ্যে রুটিরুজির সন্ধানে গিয়ে এভাবে প্রাণ হারানোয় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে। সাধারণ শ্রমজীবী মানুষের নিরাপত্তা আজ কোথায়, সেই প্রশ্নই এখন তুঙ্গে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বর্বরোচিত ঘটনার কড়া নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। পরিবারের একমাত্র রোজগেরে সদস্যকে হারিয়ে এখন দিশেহারা সুখেনের পরিজনরা। সাধারণ মানুষের আশঙ্কা, ভাষা বা পরিচয়ের কারণে যদি এভাবে হেনস্থা ও প্রাণহানির শিকার হতে হয়, তবে ভিনরাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে পড়বে।