বিসিসিআইয়ের সঙ্গে বরফ গলে কি ফের কপাল খুলবে বাংলাদেশের ক্রিকেটারদের

নিউজ ডেস্ক : বিসিসিআইয়ের সঙ্গে বৈরিতা কমিয়ে এবার বন্ধুত্বের পথে হাঁটছে বিসিবি। ভারতবিরোধিতা সরিয়ে রেখে খোদ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সম্পর্কের টানাপোড়েন মেটাতে আগ্রহী। রবিবারের হাইভোল্টেজ ভারত-পাক ম্যাচের ফাঁকে দুই দেশের বোর্ড কর্তাদের এই আলোচনা ইতিবাচক হলে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের একঘরে অবস্থা কাটতে পারে। এর ফলে ভবিষ্যতে বড় টুর্নামেন্ট বা দ্বিপাক্ষিক সিরিজে টাইগারদের ফেরার পথ আরও সুগম হবে।
বিশ্বকাপ থেকে বাদ পড়ার ধাক্কায় যখন দেশের ক্রিকেট অনিশ্চয়তায়, তখন ভারতের সঙ্গে সুসম্পর্ক সাধারণ সমর্থকদের মনে নতুন আশা জোগাচ্ছে। আইসিসির ওপর সব দায় চাপিয়ে ভারত-বিদ্বেষী মনোভাব থেকে সরে আসা কূটনৈতিকভাবেও স্বস্তির। এশিয়ার প্রভাবশালী দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থান নিশ্চিত হলে বাংলাদেশের ক্রিকেটাররা আবারও বিশ্বমঞ্চে দাপট দেখানোর সুযোগ পেতে পারেন। এতে ক্রিকেটের স্থবিরতা কেটে গিয়ে দেশের ক্রীড়াঙ্গনে নতুন গতির সঞ্চার হবে।