ভোটের মুখে বিপুল টাকাসহ জামাত নেতা আটক, সাধারণ মানুষের মনে সংশয়

নিউজ ডেস্ক : আগামীকাল বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন, অথচ তার ঠিক আগেই নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ নগদ টাকাসহ ধরা পড়লেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান। নির্বাচনের ঠিক ২৪ ঘণ্টা আগে এই বিপুল অর্থ উদ্ধার হওয়ায় সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে, ভোটের মাঠে কি তবে টাকার খেলা চলবে? সাধারণ ভোটাররা এখন দুশ্চিন্তায় যে, এই অর্থ কি জনমত প্রভাবিত করতে ব্যবহার হতো, নাকি এর পেছনে অন্য কোনো বড় ছক ছিল?
সেনাবাহিনীর হাতে ধরা পড়ার পর পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে অসুস্থ হয়ে বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি। জামাত নেতা এটিকে নিজের গার্মেন্টস ব্যবসার টাকা দাবি করলেও, ঢাকা বিমানবন্দরের নিরাপত্তা এড়িয়ে কীভাবে এই বিপুল অর্থ বিমানে উঠল, তা নিয়ে রহস্য দানা বাঁধছে। বিএনপির পক্ষ থেকেও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে। ভোটের ঠিক আগে এমন কাণ্ড জনমনে আতঙ্ক ও অনিশ্চয়তা বাড়িয়ে দিয়েছে, যার প্রভাব সরাসরি ব্যালট বাক্সে পড়ার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা।