ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে পকেট গড়ের মাঠ, আকাশছোঁয়া বিমান ভাড়া ও হোটেল খরচ
February 11, 2026

নিউজ ডেস্ক : বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ নিশ্চিত হতেই কলম্বোর বিমান ভাড়া সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। দিল্লি থেকে সরাসরি ফ্লাইটের টিকিট এক লাফে এক লক্ষ টাকা ছাড়িয়েছে, যা স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বেশি। আকাশচুম্বী এই খরচ সাধারণ সমর্থকদের বিশ্বকাপ দেখার স্বপ্নে বড়সড় ধাক্কা দিয়েছে।
বিমানের পাশাপাশি কলম্বোর বিলাসবহুল হোটেলগুলোতেও এখন মাথা গোঁজার ঠাঁই মেলা ভার। এক রাতের জন্য পর্যটকদের গুনতে হচ্ছে প্রায় এক লক্ষ টাকা। ম্যাচের সূচি নিয়ে অনিশ্চয়তা কাটতেই বুকিংয়ের এই ব্যাপক চাপ মধ্যবিত্ত ক্রিকেটপ্রেমীদের জন্য কলম্বো সফরকে এক দুঃসাধ্য বিলাসিতায় পরিণত করেছে।