যুক্তরাষ্ট্রে প্রাক্তন প্রেমিকাকে ছুরিকাঘাতে হত্যা: ফরাসি নাগরিক গ্রেপ্তার, তদন্তে পুরনো অভিযোগ

যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের ওমাহা শহরে ২২ বছর বয়সী লরেন বেকারকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে টেরি কানমাচার নামে এক ফরাসি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কানমাচার ফ্রান্স থেকে বিমানে ওমাহায় এসে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
ঘটনার দিন সকালে লরেন তার কর্মস্থল ডে কেয়ার সেন্টারে প্রবেশের সময় কানমাচার প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করে তাকে আক্রমণ করেন। তদন্তে জানা গেছে, ২০২৩ সালে অনলাইনে লরেনের সঙ্গে কানমাচারের পরিচয় হয়। সেই বছরই তিনি ওমাহায় এসে লরেনের সঙ্গে দেখা করেন। তবে সম্পর্ক শেষ হওয়ার পর লরেন তার বিরুদ্ধে অনলাইনে হুমকির অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। লরেনের সেই বিস্তারিত অভিযোগ ও পুলিশি রিপোর্ট বর্তমানে তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
হত্যার পর কানমাচার তার পূর্বনির্ধারিত ভ্রমণের পরিকল্পনা পরিবর্তন করে মিনেসোটা হয়ে দেশ ছাড়ার চেষ্টা করেন। সেখান থেকেই হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনের এজেন্টরা তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তাকে ওমাহায় প্রত্যর্পণের অপেক্ষায় মিনেসোটায় রাখা হয়েছে।
ডে কেয়ার সেন্টারের শ্রেণিকক্ষের বাইরে এই নৃশংস ঘটনাটি ঘটলেও, শিক্ষকরা দ্রুত ব্যবস্থা নিয়ে শিশুদের সুরক্ষিত রাখতে সক্ষম হন। নিহত লরেন বেকারের কর্মস্থল কিডস ক্যান কমিউনিটি সেন্টার এক বিবৃতিতে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। সহকর্মী ও শিশুদের ওপর লরেনের ইতিবাচক প্রভাবের কথা স্মরণ করে প্রতিষ্ঠানটি জানায়, তার মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। ওমাহা পুলিশ প্রধান এই ঘটনাকে অত্যন্ত ভয়াবহ ও মর্মান্তিক বলে অভিহিত করেছেন।