ভারত-জাপান প্রতিরক্ষা সম্পর্ক আরও নিবিড়, সামরিক বিশেষজ্ঞদের নজরে চিন

ভারত ও জাপান প্রতিরক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে একজোট হচ্ছে। সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জাপান সফর করেন। সেখানে তাঁরা জাপানের প্রতিরক্ষামন্ত্রী এবং বিদেশমন্ত্রীর সঙ্গে ২+২ বৈঠকে বসেন। এই বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে দুই দেশের মধ্যে একটি খসড়া চুক্তির কথা জানানো হয়েছে।
এই চুক্তির ফলে এখন থেকে জাপান সেলফ ডিফেন্স ফোর্সেস ভারতীয় সেনার ফায়ারিং রেঞ্জে অনুশীলন চালাতে পারবে। সামরিক বিশেষজ্ঞদের মতে, এই চুক্তি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জাপানের নৌবাহিনীর জন্য ভারতের বিশাল ফায়ারিং রেঞ্জ ও টেস্ট রেঞ্জ ব্যবহারের সুযোগ বড় সুবিধা হিসেবে গণ্য হচ্ছে। ভারতের রাজস্থান, মহারাষ্ট্র, সিকিম, ওড়িশা উপকূল এবং আন্দামান নিকোবরের মতো স্থানে সামরিক অনুশীলনের পরিকাঠামো রয়েছে। এই সুবিধার ফলে জাপান তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষার অনুশীলন আরও কার্যকরভাবে করতে পারবে।
এছাড়াও, চলতি বছরে দুই দেশ একাধিকবার যৌথ সামরিক মহড়া সম্পন্ন করেছে, যা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। প্রতিরক্ষা প্রযুক্তির আদান-প্রদান এবং যৌথ অস্ত্র উৎপাদনের ক্ষেত্রেও দুই দেশ একমত হয়েছে। ড্রোন, জাহাজ নির্মাণ এবং জাপানের অত্যাধুনিক মাগামি ক্লাসের স্টেলথ ফ্রিগেটের প্রযুক্তি ভারতকে দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে, যার চূড়ান্ত চুক্তি ২০২৭ সালের ফেব্রুয়ারিতে হতে পারে। যদিও এই যৌথ উদ্যোগে সরাসরি চিনের নাম নেওয়া হয়নি, তবে আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞদের মতে, ভারত ও জাপানের এই কৌশলগত ঘনিষ্ঠতা ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের আধিপত্য নিয়ন্ত্রণে বড় ভূমিকা পালন করবে।